স্মার্টফোন ব্যবহার নিষেধাজ্ঞা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সদস্যদের
নিরাপত্তার লক্ষ্যে ভারতের আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্যদের স্পর্শকাতর এলাকায় স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরো করা হয়েছে। যেসব ফোনে রেকর্ড করা যায়, তথ্য সুরক্ষা করা যায়, সে ধরনের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সিআরপিএফের সব কর্মীদের জন্যই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে সিআরপিএফ সদরদপ্তর।
দফতরের পক্ষ থেকে সিআরপিএফ জওয়ান, সিভিল স্টাফের প্রত্যেককে এই নিষেধাজ্ঞা মেনে চলতে বলা হয়েছে। যদি কেউ এই ধরনের স্মার্ট ফোন নিয়ে অফিসে আসেন, তবে তা নির্দিষ্ট কাউন্টারে জমা রাখতে হবে। পরে ফেরার সময় সেটি ফেরত পাবেন তিনি।
সিআরপিএফ নিজের গাইডলাইনে জানিয়েছে, অভ্যন্তরীণ তথ্য সুরক্ষার জন্যই এই ব্যবস্থা। ফোর্সের নিরাপত্তাও এর সঙ্গে জড়িয়ে রয়েছে। মৌলিক নীতি মেনে চলাই সবার লক্ষ্য হওয়া উচিত বলে জানিয়েছে সিআরপিএফ।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সিআরপিএফের অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। কোনওভাবেই তথ্য ফাঁস বা তথ্যের নিরাপত্তহীনতাকে বরদাস্ত করা হবে না। এতে দেশের স্বার্থ জড়িত। তাই স্মার্টফোন ব্যবহারে রাশ টানা হয়েছে। তবে অতি স্পর্শকাতর এলাকাতেই এই নিয়ম বলবৎ থাকবে।